সাতক্ষীরায় শিশুছেলেকে হত্যার অভিযোগ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শিশুছেলেকে হত্যার অভিযোগে এক বাবাকে আটক করেছে পুলিশ।
কালিগঞ্জ থানার ওসি সুবীর দত্ত জানান, আটক আব্দুল কাদের শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওলভাঙ্গী গ্রামের শাহাদাত মোড়লের ছেলে।
কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য মোমতাজুল ইসলাম বলেন, কাদেরে সঙ্গে তার স্ত্রী আছমা খাতুনের পারিবারিক কলহ চলছিল। এ কারণে আসমা কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে তার বাবা মোনাম সরদারের বাড়িতে রয়েছেন দীর্ঘদীন ধরে।
“সোমবার দুপুরে হঠাৎ আব্দুল কাদের শ্বশুরবাড়ি আসেন। সাত মাসের শিশুছেলে জুনায়েদকে কোলে নিয়ে আদর করতে করতে পুকুরের দিকে যান। শিশুর কান্না শুনে তার মা ও বাড়ির অন্য লোকজন গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
ওসি সুবীর বলেন, স্থানীয়রা কাদেরকে খুনি সন্দেহে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
