নোয়াখালীতে চার রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা
নোয়াখালীর মাইজদীতে চারটি রেস্তোরাঁকে অতিরিক্ত গ্যাস ব্যবহারের দায়ে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতিমার ভ্রাম্যমাণ আদালত সোমবার বিকালে এই রায় দেয় বলে জানান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নোয়াখালীর ব্যবস্থাপক মো. সাহাব উদ্দিন।
তিনি বলেন, বাংলাদেশ গ্যাস আইন ২০১০ অমান্য করে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি গ্যাস ব্যবহার করায় মাইজদীর পার্ক ক্যাফেটেরিয়াকে ৫০ হাজার টাকা, হোটেল সিয়ামকে ৫০ হাজার, হোটেল মায়াকে পাঁচ হাজার ও হোটেল আলিফকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদালত। এছাড়া হোটেল আলিফের নিবন্ধন না থাকায় তাকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় গ্যাস কোম্পানিটির কর্মকর্তা ও সুধারাম মডেল থানার পুলিশ উপস্থিত ছিল বলে তিনি জানান।
