২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে প্রবাসীর বাড়ি থেকে পিস্তল উদ্ধার, ভটভটিচালক আটক

নাটোরের লালপুর উপজেলায় এক প্রবাসীর বাড়ি থেকে তিনটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে; এ ঘটরনায় এক ভটভটি চালককে আটক করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2017, 07:04 PM

Updated : 19 Aug 2022, 06:03 PM

আটক জিয়ারুল ইসলাম (২৮) উপজেলার নুরুল্লাপুর গ্রামের জান মোহাম্মদের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুল হাই সোমবার সকালে সাংবাদিকদের বলেন, ভটভটিচালক জিয়ারুলের কাছে অস্ত্র আছে বলে খবর পেয়ে শনিবার রাতে তাকে আটক করা হয়।

“জিজ্ঞাসাবাদে জিয়ারুল জানান, তার প্রতিবেশী বেলাল হোসেনের বাড়িতে অস্ত্র রয়েছে। বেলাল হোসেন বিদেশে থাকায় আর তার স্ত্রী টুনি খাতুন বাড়ি না থাকায় পুলিশ দরজা ভেঙে প্লাস্টিকের জারকিন থেকে তিনটি পিস্তল উদ্ধার করে। অস্ত্রের গায়ে ‘মেড ইন ইউএসএ’ লেখা রয়েছে। পিস্তলগুলো জারকিনে তেলের মধ্যে ডোবানো ছিল।”

তবে বেলাল হোসেন কোন দেশে থাকেন সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি।

এ বিষয়ে ভটভটিচালক জিয়ারুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন পরিদর্শক আব্দুল হাই।