ময়মনসিংহে কৃষক হত্যায় ২ জনের যাবজ্জীবন
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৩ বছর আগে এক কৃষক হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের মাইলটি গ্রামের তফাজ্জল হোসেন (৩৫) ও ফেরদৌস (৩২)।
যাবজ্জীবন ছাড়াও প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম খান দুলাল জানান।
এছাড়া অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় ১০ জনকে খালাস দেওয়া হয়েছে।
এরা হলেন- চঞ্চল মিয়া, উজ্জ্বল মিয়া, জাহাঙ্গীর হোসেন, সাহাবউদ্দিন, শেফালী বেগম, ফাতেমা খাতুন , মোফাজ্জল হোসেন, মফিজুল ইসলাম, আজিজুল হক ও মালেকা খাতুন।
মামলার বিবরণে বলা হয়, গ্রামের একখণ্ড জমি নিয়ে বিরোধের জেরে ২০০৪ সালের ২ নভেম্বর প্রতিপক্ষের লোকজন কৃষক হাফিজ উদ্দিনকে কুপিয়ে হত্যা করে।
পরদির হাফিজের স্ত্রী আক্তার খাতুন বাদী হয়ে ১২ জনকে আসামি করে গফরগাঁও থানায় একটি মামলা করেন।
তদন্ত শেষে ২০০৫ সালের ৩১ জুলাই তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে এ মামলার বিচারকাজ শুরু হয়।
