পাবনায় অজ্ঞাত ব্যক্তির মস্তক বিচ্ছিন্ন লাশ উদ্ধার
পাবনার আটঘরিয়া উপজেলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মস্তক বিচ্ছিন্ন লাশ উদ্ধার করা হয়েছে; যাকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
আতাইকুলা থানার ওসি মাসুদ রানা জানান, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রানীগ্রাম এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে বলে ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ওসি মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়রা ডোবার মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
“নিহতের পরনে লুঙ্গি ও শার্ট এবং মস্তক ও বাম পায়ের হাটু বিচ্ছিন্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ২/১ দিন আগে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে হত্যার পর লাশ এখানে ফেলে গেছে।”
লাশ ময়নাতদন্তের জন্যে পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
