২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কিস্তির টাকার’ জন্য পিটিয়ে হত্যার অভিযোগ

ঢাকার আশুলিয়ায় ‘কিস্তির টাকা পরিশোধ না করায়’ এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 06:28 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

রোববার আশুলিয়া জামগড়া এলাকার রুপায়ন মাঠ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শাজাহান মিয়া (৩৭) বগুড়ার সারিয়াকান্দি উপজেরার কুমকুমারী এলাকার রবীন উদ্দিন প্রামানিকের ছেলে।

তিনি আশুলিয়ার ভাদাইলে আব্দুল আজিজের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।  

এ ঘটনায় নিহতের পরিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে আশুলিয়া থানার এসআই শফিকুল ইসলাম জানান।

শাজাহানের মেয়ে সোনিয়া আক্তার বলেন, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে তার বাবা শাহজাহান বাসায় ফোন করে জানান গ্যারেজের মালিক নওশাদ আলী প্রামানিক ও পার্শ্ববর্তী ওষুধের দোকানি শহিদুলসহ আরও ৩/৪ জন মিলে তাকে অটোরিকশার বকেয়া কিস্তি সাতশ টাকার জন্য মারধর করছে। টাকা নিয়ে এসে তাকে ছাড়িয়ে আনতে বলেন।

সোনিয়া বলেন, তিনি টাকা নিয়ে তাদের বাসার পার্শ্ববর্তী রাসেল অটো গ্যারেজে গিয়ে সেখানে কাউকে পাননি। ওই সময় গ্যারেজটি তালাবন্ধ ছিল। পরে তার বাবার মোবাইলে ফোন দিলে সেটিও বন্ধ পাওয়া যায়।

অবশেষে রাত অনেক হওয়ায় তিনি বাসায় ফিরে বাবার জন্য অপেক্ষা করতে থাকেন। সকালে বাসার কাছে রূপায়ন মাঠে বাবার লাশ দেখে লোকজন তাদের খবর দেয় বলে জানান সোনিয়া।

শাহজাহানের স্ত্রী রিক্তা আক্তার বলেন, “পাষণ্ড মানুষরা র্নিদয়ভাবে আমার স্বামীকে পিটিয়ে হত্যা করল। আমি গ্যারেজ মালিক নওশাদ ও ওষুধের দোকাদার শহিদুলসহ অপরাধীদের কঠিন বিচার চাই।”

আশুলিয়া থানার এসআই শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপতাল মর্গে পাঠানো হয়েছে।

“নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে সোনিয়া আক্তার বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

গ্যারেজ মালিক নওশাদ ও ওষুধের দোকানি শহিদুলসহ অন্যরা পলাতক রয়েছেন বলে এসআই শফিকুল জানান।