২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, যান চলাচল শুরু

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও শ্রমিকদের সংঘর্ষের পর ডাকা পরিবহন ধর্মঘট পাঁচ দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 02:30 PM

Updated : 12 Apr 2022, 12:47 AM

রোববার বিশ্ববিদ্যালয় এবং মোটর মালিক ও শ্রমিকদের সমঝোতার পর দুপুর থেকে যান চলাচল শুরু হয়েছে।

বুধবার দানেশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও শ্রমিকদের সংঘর্ষের পর সন্ধ্যায় গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে। এরপরই পরিবহন মালিক-শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন।

জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমঝোতা বৈঠকে গাড়ির ক্ষতিপূরণসহ সব বিষয়ে ঐকমত্য হয়েছে।

“দুপুর পৌনে ১টায় পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন দিনাজপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ফজলে রাব্বি ও সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সেলু।”

জেলা প্রশাসক মীর খায়রুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১২টায় এই সমঝোতা বৈঠক শুরু হয় এবং পৌনে ১টায় সকল পক্ষের ঐকমত্যের মধ্য দিয়ে বৈঠক শেষ হয়।

বৈঠকে দুপক্ষের দায়েরকৃত মামলা নিষ্পত্তিসহ দুটি বাসের ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্ত এবং ভবিষ্যতে আর যাতে এধরনের পরিস্থিতির উদ্ভব না হয় সেজন্য উভয় পক্ষের আট সদস্যবিশিষ্ট একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয় বলে জেলা প্রশাসক জানান।

জেলা প্রশাসকের সভাপতিত্বে এই সমঝোতা বৈঠকে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সফিউল আলম এবং পরিবহন শ্রমিক ও মালিকদের পক্ষে নেতৃত্ব দেন দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রফিক, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সেলু।

বৈঠকে দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম উপস্থিত ছিলেন।

গত বুধবার রাতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বাসকে সাইড দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদের সঙ্গে মোটর পরিবহন শ্রমিকদের সংঘর্ষে কয়েকজন ছাত্রসহ শ্রমিক আহত হন। এই ঘটনায় দুটি বাসে অগ্নি সংযোগসহ কয়েকটি গাড়ি ভাংচুরের গটনা ঘটে।

বাসে ভাংচুর ও অগ্নিসংযোগ এবং শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে বুধবার রাতেই দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের এই পরিবহন ধর্মঘটের ডাক দেয়।

এই ঘটনার পর হাজী দানেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং মোটর শ্রমিক ও মালিক গ্রুপ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা দায়ের করে।

পুরনো খবর:

ছাত্র-শ্রমিক সংঘর্ষের পর দিনাজপুর থেকে বাস বন্ধ
দিনাজপুরে পরিবহন ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা
দিনাজপুরে পরিবহন ধর্মঘট দ্বিতীয় দিনে, হাজী দানেশের প্রক্টরও আসামি
দিনাজপুরে পরিবহন ধর্মঘটে দুর্ভোগে যাত্রীরা
দিনাজপুরে ছাত্র-শ্রমিক সংঘর্ষ: দানেশ কর্তৃপক্ষের ‘অভিযোগ দায়ের’