হাইমচর প্রেসক্লাব সভাপতি মাহবুব আলম নেই
চাঁদপুরের হাইমচর উপজেলা প্রেসক্লাব সভাপতি মাহবুব আলম বাশার আর নেই।
পেটের পীড়াজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মাহবুব আলম বাশার (৪৪) দৈনিক চাঁদপুর জমিনের জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।
তার ছোট ভাই আবুল কালাম জানান, বাশার শনিবার সন্ধ্যায় হঠাৎ পেটের ব্যথা অনুভব করেন। প্রথমে চাঁদপুর সদর হাসপাতাল নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
“অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।”
অল্প বয়সে সাংবাদিকতা শুরু করে প্রায় দুই যুগ তিনি এ পেশায় জড়িত ছিলেন। পাশাপাশি জেলার ফরিদগঞ্জ উপজেলার প্রত্যাশী আর এ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্বরত ছিলেন।
তার গ্রামের বাড়ি হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের আলগী গ্রামে। পরিবারসহ চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
বাদ আছর নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার ভাই জানান।
মাহবুব আলম বাশারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল-ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
