২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মাইক্রো চাপায় সেনা সদস্য নিহত

গাজীপুর নগরীতে মাইক্রোবাসের চাপায় এক সেনা সদস্য নিহত হয়েছেন; যিনি র‌্যাব ট্রেনিং স্কুলের উপ-সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 11:59 AM

Updated : 19 Aug 2022, 06:03 PM

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আব্দুল হাই জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ি এলাকায় শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।   

নিহত সোহেল রানা (৩৪) সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বড়দল গ্রামের আব্দুর রউফের ছেলে।

পোড়াবাড়ির র‌্যাব ট্রেনিং স্কুলের এএসপি আব্দুল মালিক জানান, বাংলাদেশ সেনাবাহিনীর এডুকেশন কোরের ওয়ারেন্ট অফিসার সোহেল রানা সম্প্রতি তাদের স্কুলে উপ-সহকারী পরিচালকের (ডিএডি) পদে যোগ দেন।

তিনি বলেন, “ছুটি কাটিয়ে সাতক্ষীরা থেকে শনিবার কর্মস্থলে ফিরছিলেন তিনি। পোড়াবাড়ি বাস স্ট্যান্ডে নেমে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পারাপারের সময় ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।”

পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাতেই হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত করা হয় বলে পুলিশ কর্মকর্তা আব্দুল হাই জানান।