সুন্দরবনের ‘দস্যু গামা বন্দুকযুদ্ধে’ নিহত
খুলনার ডুমুরিয়া উপজেলায় সুন্দরবনে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ‘বনদস্যু’ গামার মৃত্যু হয়েছে।
কয়রা থানার ওসি মো. এনামুল হক জানান, সুন্দরবনের আড়পাঙ্গাসিয়া নদীর ভায়লার খাল এলাকায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে।
নিহত পলাশ মণ্ডল ওরফে গামা (৪০) কথিত বনদস্যু মুন্নাবাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে পুলিশের ভাষ্য। তবে পুলিশ তার ঠিকানা-পরিচয় বলতে পারেনি।
ওসি বলেন, “কদিন আগে বনদস্যু পলাশসহ মুন্নাবাহিনীর সদস্যরা এক জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে। এ ঘটনায় পুলিশ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভায়লার খাল এলাকায় অভিযান চালায়।
“সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে মুন্নাবাহিনীর সদস্যরা এলোপাতাড়ি গুলি শুরু করে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে ঘণ্টাখানেক বন্দুকযুদ্ধের পর তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ পলাশের লাশ উদ্ধার করে পুলিশ।”
পলাশের ঠিকানা-পরিচয় খোঁজ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
