প্রহরীর বিরুদ্ধে প্রাইমারির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে
ফরিদপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে ওই স্কুলের নৈশ প্রহরীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার চতুর্থ শ্রেণির ওই ছাত্রীর (১০) মা মধুখালী থানায় প্রহরী শরিফুল শেখের (৩০) বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
শরিফুল শেখ ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের রামদিয়া গ্রামের সালাম শেখের ছেলে।
এদিকে, তদন্ত করে শরিফুলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেনকে নির্দেশ দিয়েছেন মধুখালীর ইউএনও লুৎফুন নাহার।
মামলার অভিযোগে বলা হয়, গত মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে শরিফুল ওই ছাত্রীকে কৌশলে স্কুলের একতলা ভবনের চিলেকোঠায় নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন।
অভিযোগে বলা হয়, এক পর্যায়ে মেয়েটি চিৎকার দিলে শরিফুল তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। ছাত্রীটি পরে দৌড়ে বাড়ি গিয়ে মাকে ঘটনাটি বলে।
শরিফুল শেখ এ পর্যন্ত তিনটি বিয়ে করেছেন বলে স্থানীয়রা জানান।
মধুখালী থানার ওসি মিজানুর রহমান সাংবাদিকদের জানান, এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেছেন।
“আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়েছে। তবে সে পলাতক থাকায় গ্রেপ্তার করা যায়নি।”
মধুখালীর ইউএও লুৎফুন নাহার বলেন, ওই নৈশ প্রহরীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে আগামী সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বৃহস্পতিবার নির্দেশ দেওয়া হযেছে।
