‘স্কুলে নিয়োগের বিরোধ’, একজন গুলিবিদ্ধ
পাবনায় একটি বিদ্যালয়ে ‘শিক্ষক নিয়োগ নিয়ে বিরোধের জেরে’ এক ব্যক্তিকে গুলিবিদ্ধ করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
সদর উপজেলার শ্রীকোল বাজার এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে।
আহত নূরুল ইসলামকে (৪৮) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রাত ১১টার দিকে নূরুল ইসলাম স্থানীয় শ্রীকোল বাজার থেকে বাড়ি ফিরছিলেন।
“পথে দুইট মোটরসাইকেলে ৪/৫ জন লোক তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এরপর তিনি গুলিবিদ্ধ হয়ে চিৎকার দিয়ে মাটিতে পড়ে যান।”
স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান বলে জানান মিজান।
হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক এম এ তালেব জানান, “আহত ব্যক্তির শরীরে ২০ থেকে ২৫টি গুলির স্প্লিন্টার আছে। তবে তিনি শঙ্কামুক্ত।”
আহত নূরুল ইসলামসহ স্থানীয় কয়েকজন জানান, স্থানীয় ‘শ্রীকোল আমিনা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের’ প্রধান শিক্ষক ও একজন অফিস সহকারী নিয়োগকে কেন্দ্র করে ম্যানিজিং কমিটির সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের বিরোধ চলছিল।
নূরুল ইসলাম ম্যানেজিং কমিটির সভাপতি আওয়াল কবির জয়ের সমর্থক। স্থানীয়ভাবে চেয়ারম্যানের পক্ষ না নেওয়ায় তাকে গুলি করা হয়েছে বলে নুরুল ইসলামের অভিযোগ।
নূরুল ইসলাম বলেন, “চেয়ারম্যান অবৈধভাবে শিক্ষক নিয়োগ দিতে চান; কিন্তু গ্রামের কেউ তাতে সমর্থন দেয়নি এবং আমিও চেয়ারম্যানকে সমর্থন দিইনি। ফলে চেয়ারম্যানের লোকজন আমার উপর ক্ষিপ্ত ছিল।
“এ কারণে চেয়ারম্যানের দুই ছেলে তাদের কিছু সহযোগী বেশ কিছুদিন ধরে আমাকে হত্যার হুমকি দিচ্ছিল। বাড়ি ফেরার পথে মোটরসাইকেল যোগে এসে তারাই গুলি চালিয়েছে। আমি সবাইকে চিনতেও পেরেছি।”
স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আওয়াল কবির জয় বলেন, চেয়ারম্যান তার পছন্দের প্রার্থী সোহরাব হোসেনকে অবৈধভাবে স্কুলের প্রধান শিক্ষক করতে চান। এতে গ্রামের কারো মত নেই। ম্যানিজিং কমিটিও সমর্থন দেয়নি এবং তিনি জোরপূর্বক কমিটরি চারজরকে পদত্যাগ করিয়ে নিজের লোক বসানোর চেষ্টা করছেন।
“ফলে তিনি ক্ষিপ্ত হয়ে নিজের দুই ছেলেসহ সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়েছেন। আমরা এর প্রতিকার চাই।”
অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান আরও বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং আহত ব্যক্তির সঙ্গে কথা বলেছে। যারা অবৈধ অস্ত্র ব্যবহার করে গুলি করেছে তাদের খোঁজা হচ্ছে। আশা করছি খুব শিগগিরই তাদের গ্র্রেপ্তার করে আইনের আওতায় আনা যাবে।”
এ ব্যাপারে সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
