২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

লক্ষ্মীপুরে দশ বছর বয়সী এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2017, 05:49 PM

Updated : 19 Aug 2022, 05:58 PM

সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মান্দারী বাজার এলাকায় মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে ইউপি চেয়ারম্যান মিজানুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

নির্যাতনের শিকার শিশুাটিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। ছেলেটি স্থানীয় একটি চায়ের দোকানে কাজ করে।      

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শিশুটি বলে, সেদিন সকাল ১০টার দিকে দোকান মালিকের বাড়ি থেকে দোকানের দিকে আসার পথে প্রকৃতির ডাকে সাড়া দিতে একটি বাগানে যায় সে।

“এ সময় পাশের আমির উদ্দিন পাটওয়ারী বাড়ির সানু পাটওয়ারীর ছেলে জবিউল্যা পাটওয়ারী ও কালু পাটওয়ারী আমাকে ধরে নিয়ে যায়। পরে তাদের গরুর সঙ্গে অপকর্ম করেছি এমন অভিযোগ তুলে আমাকে লাঠি ও ঝাড়ু দিয়ে  মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে।”

এরপর দ্বিতীয় দফায় আবার মারধর করে বলে জানায় সে। 

স্থানীয় চা দোকানের মালিক বলেন, খবর পেয়ে তিনিসহ মান্দারী বাজারের কয়েকজন ব্যবসায়ী শিশুটিকে উদ্ধার করতে গেলে জবিউল্যা ও কালু ‘অপকর্মের জরিমানা’ বাবদ ৫০ হাজার টাকা দাবি করেন।

পরে বিকাল ৪টার দিকে মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিমের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় বলে জানান তিনি।  

এ বিষয়ে জানতে জবিউল্যা ও কালুরে সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। 

ইউপি চেয়ারম্যান মিজানুর বলেন, শিশুটিকে গাছের সঙ্গে বেঁধে মারধরের খবর শুনে তাকে উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে অবহিত করা হয়েছে ।

চন্দ্রগঞ্জ থানার ওসি মোক্তার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।