আন্ধারিয়া খালে মাছ শিকারে ‘সহায়তা’, বন কর্মকর্তাসহ বরখাস্ত ৪
সুন্দরবনের আন্ধারিয়া খালে ‘অর্থের বিনিময়ে’ জেলেদের মাছ শিকারে সহায়তার অভিযোগে বন বিভাগের চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান এ কথা জানান।
এরা হলেন, সুন্দরবন পূর্ব বিভাগ চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা (এসও) মো. নুরুজ্জামান, বন প্রহরী (এফজি) কাউয়ুম শেখ, নৌকা চালক (বিএম) সাইফুল ইসলাম ও আব্দুর রব।
ডিএফও মাহমুদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারিয়া খালে মাছ শিকার নিষিদ্ধ।
“গত ১ নভেম্বর পাঁচটি জেলে নৌকা আন্ধারিয়া খালে প্রবেশ করে মাছ শিকার করছিল। সেখানে দায়িত্বরত বনকর্মীরা দুটি নৌকাকে আটক করে অর্থের বিনিময়ে ছেড়ে দেয় বলে অভিযোগ ওঠে।
“অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গত ৮ নভেম্বর এসও নুরুজ্জামানসহ ওই চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়।”
এছাড়া তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে বলে ডিএফও জানিয়েছেন।
