ভোলায় পালিত হলো ‘উপকূল দিবস’
ভোলায় নানা আয়োজনে `উপকূল দিবস’ পালন করেছে উপকূলীয় জেলাগুলোর নানা শ্রেণিপেশার মানুষ।
সরকারিভাবে দিনটি পালনের কোনো কর্মসূচি না থাকলেও উপকূলের অনেক জেলায় দিনটিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘উপকূলের জন্য হোক একটি দিন কণ্ঠে বাজুক প্রান্তজনের কথা’ স্লোগানে রোববার ভোলা শহরের রেড ক্রিসেন্ট কার্যালয়ে আলোচনা সভা হয়। এছাড়া ছিল শোভাযাত্রা ও মোনাজাতের আয়োজন।
১৯৭০ এর ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় লাখ লাখ লোক প্রাণ হারায়।
যুব রেড ক্রিসেন্ট ইউনিটের জেলা প্রধান আদিল হোসেন তপুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, আজকের ভোলা সম্পাদক শওকাত হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭০ সালের এই দিনটি উপকূলবাসীর জন্য স্মরণীয়। এদিন বাংলাদেশের উপকূলের উপর দিয়ে বয়ে যায় সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ভোলা সাইক্লোন’। ওই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ভোলাসহ উপকূলীয় অঞ্চলে কয়েক লাখ মানুষ প্রাণ হারায়।
বক্তারা এই দিনটিকে সরকারিভাবে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণার দাবি জানান।
আলোচনা সভা শেষে ঘূর্ণিঝড়ে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। পরে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
সেদিনের স্মৃতিচারণ করতে দিয়ে ভোলার তৎকালীন ছাত্র ইউনিয়ন নেতা প্রবীণ সংবাদকর্মী এম এ তাহের বলেন, ১৯৭০ সালের ১১ নভেম্বর বুধবার সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি হতে থাকে। পরদিন ১২ নভেম্বর আবহাওয়া আরো খারাপ হয় এবং মধ্যরাত থেকেই ফুঁসে উঠে সমুদ্র।
তীব্র বেগে লোকালয়ের দিকে ধেয়ে আসে পাহাড় সমান উঁচু পানি আর পানি। ৩০/৪০ ফুট উঁচু পানির ঢেউ আছড়ে পড়ে লোকালয়ের উপর। ভাসিয়ে নেয় মানুষ, গবাদিপশু, বাড়ি-ঘর ও ক্ষেতের ফসল। পথে-প্রান্তরে পড়েছিল লাশ আর লাশ।
“পরদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নির্বাচনী প্রচারণা বন্ধ করে ত্রাণ নিয়ে আসেন ভোলায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মনপুরায় তিনি ত্রাণ বিতরণ করেন।”
উপকূল দিবস বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় সমন্বয়কারী রফিকুল ইসলাম মন্টু বলেন, উপকূল দিবস বাস্তবায়ন কমিটির আহবানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রায় ১০০ সংগঠন ও প্রতিষ্ঠান দিবসটি পালনে এগিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা, গণমাধ্যকর্মীদের সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, গণমাধ্যম প্রতিষ্ঠান, কিশোর-তরুণদের ফোরাম ইত্যাদি।
এবছর উপকূলের ১৫টি জেলার ৩২ উপজেলার ৩৪ স্থানে দিনটি পালিত হয় বলে তিনি জানান।
