কেরানীগঞ্জে কভার্ডভ্যানে গলাকাটা লাশ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় একটি কভার্ডভ্যান থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. বাহাজ উদ্দিন জানান, উপজেলার নতুন রাস্তার মোড়ের ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে শনিবার রাত দেড়টার দিকে লাশটি তারা উদ্ধার করেন।
নিহতের বয়স আনুমানিক ৪২/৪৩ বছর বলে ধারণা করলেও তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এসআই বাহাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয়রা রাতে ওই এলাকায় একটি তালাবদ্ধ কভার্ডভ্যান থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তালা ভেঙ্গে লাশটি উদ্ধার করে।”
“নিহতের পড়নে লাল শার্ট ও খাকি রঙ্গের ফুল প্যান্ট রয়েছে। গলা ও মাথার পেছনের অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখে তিনি হত্যাকাণ্ডের শিকার বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
