বেনাপোলে নারীসহ আটক ২৪
অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে নারীসহ ২৪ জনকে আটক করেছে বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, রোববার সকালে সীমান্তের সাদিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ১৯ জন পুরুষ। বাকিরা নারী। তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরিফুল বলেন, দালালরা তাদের অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে পাচার করছে এমন খবর পেয়ে অভিযান চালায় বিজিবি।
“আটকরা অবৈধভাবে ভারতে গিয়ে সেখানে বিভিন্ন এলাকায় বিভিন্ন পেশায় কাজ করতেন।”
তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে এ বিজিবি কর্মকর্তা জানান।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক শরীফ হাবিবুর রহমান বলেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
