স্কুলের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
রাজশাহীর তানোরে স্কুলের সেপটিক ট্যাংকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই শিশু।
শনিবার দুপুরে উপজেলার বনগাঁ চকরহমত উচ্চ বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তানোর থানার ওসি রেজাউল ইসলাম।
নিহত মায়াতি হেমব্রম (৬) উপজেলার শালবাড়ী সল্লাপাড়ার বদুরাই হেমব্রমের মেয়ে।
আহত একই গ্রামের ডুলু সরেনের ছেলে মিঠুন সরেন (৭) ও জামিন হাসদার মেয়ে সারতী হাসদাকে (৬) স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
তিন শিশুই চকরহমত উচ্চ বিদ্যালয় সংলগ্ন বনগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
ওসি রেজাউল বলেন, চকরহমত উচ্চবিদ্যালয় থেকে চোরখৈর পর্যন্ত সড়ক নির্মাণের কাজ চলছে। এ কাজে ব্যবহারের জন্য এক ট্রাক বালু বিদ্যালয়ের শৌচাগারের সেপটিক ট্যাংকের উপরে রাখা ছিল।
“বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার সময় তিন শিশু ওই বালির ওপর উঠে খেলছিল। এ সময় সেপটিক ট্যাংকের ঢাকনা ভেঙে বালিসহ তিন শিশু ট্যাংকের ভেতরে পড়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে তিন শিশুকে উদ্ধার করে।”
এদের মধ্যে মায়াতি নামের শিশুটি ঘটনাস্থলেই মারা যায় বলে জানান তিনি।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানান তিনি।
ঘটনায় কারো অবহেলা থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
