২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে এমপির বিরুদ্ধে দুর্নীতির মামলা

কিশোরগঞ্জের একটি মাদ্রাসায় অধ্যক্ষ নিয়োগ ও পরিচালনা কমিটি গঠনে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে স্থানীয় সংসদ সদস্য সোহরাব উদ্দিনসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2017, 11:11 PM

Updated : 19 Aug 2022, 05:55 PM

জেলার সহকারী জজ মোহসিনা হোসেন তুষির আদালতে বুধবার বাদরুজ্জামান শরীফ নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি জালাল মো. গাউছ জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে আসামিদেরকে ১৫ কার্যদিবসের মধ্যে কারণ ব্যাখা করতে বলেছে।  

মামলার আসামিদের মধ্যে রয়েছেন মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সোহরাব উদ্দিন, কমিটির সদস্য সচিব, অভিভাবক প্রতিনিধি, বিদ্যোৎসাহী প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি।

মামলার অভিযোগে বলা হয়, মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসার নতুন পরিচালনা কমিটি গঠনের জন্য ১ নম্বর বিবাদী সংসদ সদস্য সোহরাব উদ্দিন নির্বাচন সংক্রান্ত কোনো নোটিশ না দিয়ে এবং খসড়া বা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না করে গোপনে মনগড়াভাবে কমিটি গঠন করেন।

সেই সাথে পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্যের পদটি শূন্য হওয়ার পর প্রতিষ্ঠাতার নাতি হিসেবে মামলার বাদী বাদরুজ্জামান শরীফ উক্ত পদের জন্য আইনগত দাবিদার হলেও তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি বলে মামলায় অভিযোগ করা হয়। 

আরও অভিযোগ, তাছাড়া অবসরজনিত কারণে মাদ্রাসার অধ্যক্ষের পদ শূন্য হওয়ার পর পরিচালনা কমিটির সভাপতি উক্ত প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষক কর্মরত থাকার পরও শিক্ষক নিয়োগের প্রচলিত সরকারি আইন ভঙ্গ করে একজন প্রভাষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন।

পরবর্তীতে সরকারি আইন মোতাবেক শিক্ষা অদিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি হিসেবে সরকারি কোনো কলেজের অধ্যাপককে ছাড়া এবং বেআইনিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ঢাকায় সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে নিয়োগ পরীক্ষার স্থান নির্ধারণ করা হয় বলে অভিযোগ করা হয়।

এ ব্যাপরে জেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত থাকার পরও প্রভাষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান আইনের পরিপন্থি। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া ব্যক্তিগত কার্যালয়ে নিয়োগ পরীক্ষার স্থান নির্ধারণ করাও আইনের লংঘন।

অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য সোহরাব উদ্দিন বলেন, “আমি সবকিছু আইন সম্মতভাবেই করেছি, ভুল কিছু করিনি। আদালতের প্রতি শ্রদ্ধা রেখে মামলার কাগজ পাওয়ার পর তা আইনগতভাবে মোকাবেলা করা হবে।”