২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: নাসিম

নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি না করে ১৪ দলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন বলে মনে করেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2017, 09:31 PM

Updated : 12 Apr 2022, 12:41 AM

বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা আইনশৃংখলা কমিটির সভার শুরুতে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এ সময় তিনি সম্প্রতি জাসদ নেতা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর একটি মন্তব্যের প্রতি ইঙ্গিত করে বলেন, বেশি মানুষ দেখে আবেগের বশে বেহুঁশ হয়ে যে কেউ মন্তব্য করতে পারেন। সেটা তার ব্যক্তিগত বিষয়। এর সাথে ১৪ দলের কোন সম্পর্ক নেই।

“আওয়ামী লীগ জনগণের ভোটেই বার বার নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে, কারো অনুকম্পায় নয়।”

বুধবার কুষ্টিয়ায় এক জনসভায় আওয়ামী লীগ নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে ইনু বলেন, তারা সংখ্যায় বিপুল না হলেও তাদের ছাড়া ‘হাজার বছরেও’ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না।

“আপনারা ৮০ পয়সা থাকতে পারেন। আপনি এক টাকার মালিক না। যতক্ষণ এক টাকা হবেন না ততক্ষণ ক্ষমতা পাবেন না। আপনি ৮০ পয়সা আর এরশাদ, দিলীপ বড়ুয়া, মেনন আর ইনু মিললে তবেই এক টাকা হবে। আমরা যদি না থাকি তাহলে ৮০ পয়সা নিয়ে আপনারা (আ. লীগ) রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরবেন।”

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভায় তিনি বলেন, “বর্তমান প্রেক্ষাপটে এখন ১৪ দলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। কোনো বিভ্রান্তিমূলক কথা বলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার সময় এটা নয়।” 

খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে নাসিম বলেন, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় ও সহযোগিতা দেওয়ার বিষয়টি যেখানে সারাবিশ্বে প্রশংসিত হয়েছে সেখানে একজন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী তিন মাস পর ঘুম থেকে জেগে উঠে সেখানে গিয়ে বললেন, কিছুই দেওয়া হয়নি। 

“যেখানে বিশ্বের ধনী দেশগুলো এক লাখ শরণার্থী আশ্রয় দিতে ভয় পায়। সেখানে শেখ হাসিনা  সাত লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছেন।

“সরকারি-বেসরকারিভাবে তাদের বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে, স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে; অথচ বিএনপি নেত্রী লাখ লাখ টাকার তেল পুড়িয়ে বিশাল গাড়িবহরে শো-ডাউন করে সেখানে গিয়ে শুধুই মিথ্যাচার করে ফিরে এলেন।”

সম্প্রতি সিরাজগঞ্জ জেলা শহরের দুটি ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একজন ইউপি চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিরা কীভাবে দ্রুত সময়ের মধ্যে জামিনে মুক্তি পেল সেটা তদন্ত করে দেখতে হবে।

ছাত্রলীগ নেতা মালেক খুনের প্রসঙ্গে নাসিম বলেন, সম্প্রতি শহরে প্রকাশ্য দিবালোকে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, তার চোখ উপড়ে ফেলা হয়েছে। এটা ন্যক্করজনক ঘটনা। 

“আইনশৃংখলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্য নিয়ে এসব কর্মকাণ্ড করা হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে।” 

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন ও তানভীর ইমাম, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন শেখ মনজুর রহমান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কে এম হোসেন আলী হাসানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।