২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁসের চেষ্টা, ৬ জন দণ্ডিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে প্রশ্ন ফাঁসের চেষ্টা করায় এক কলেজ শিক্ষকসহ ছয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2017, 08:49 PM

Updated : 19 Aug 2022, 05:55 PM

বৃহস্পতিবার তিনটি পরীক্ষা কেন্দ্র ও একটি ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন পরীক্ষার্থী আতাউল্লাহ সোহান ও মাশরাফি জামান খান, আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ভূগোলের প্রভাষক আব্দুল কুদ্দুস, এমএম কলেজের গণিত বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সাজেদুর রহমান, মাহবুব ও রায়হান।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রাব্বানী বলেন, ভর্তি পরীক্ষার তিনটি কেন্দ্র যশোর এমএম কলেজ ও শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ইলেক্ট্রনিক ডিভাইস এবং হিয়ারিং ডিভাইসসহ মাশরাফি জামান ও আতাউল্লাহ সোহানকে আটক করা হয়। 

“মাশরাফির স্বীকারোক্তি অনুযায়ী এমএম কলেজের পিছনের খড়কি এলাকার ‘আলোর দিশারী’ ছাত্রাবাস থেকে আটক করা হয় সাজেদুর, মাহবুব ও রায়হানকে।

“ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ কেন্দ্র থেকে ওই কলেজের ভূগোল বিভাগের প্রভাষক আব্দুল কুদ্দুসকে আটক করা হয়।”

তিনি একটি মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে তা মেসেঞ্জারের মাধ্যমে পাঠানোর চেষ্টা করছিলেন বলে জানান রাব্বানী।

যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান জানান, শিক্ষক আব্দুল কুদ্দুস ও তিন সহযোগী সাজেদুর, মাহবুব ও রায়হানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছর এবং পরীক্ষার্থী আতউল্লাহ সোহান ও মাশরাফি জামানকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন বলেন, জালিয়াত চক্র সক্রিয় থাকায় ভর্তি পরীক্ষা সর্বোচ্চ সর্তকর্তার সাথে গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়। প্রশাসনের ব্যাপক প্রস্তুতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়েরও একাধিক ভিজিলেন্স টিম মাঠে ছিল।

“সবার তৎপরতার কারণে এই জালিয়াত চক্র প্রশ্ন ফাঁসের চেষ্টা করলেও সফল হতে পারেনি।”

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের দুইদিনব্যাপী ভর্তি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শুরু হয়। সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত এ ইউনিট, দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত ও বিকেল সাড়ে ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ছয় ইউনিটের ৭৯৫ আসনের জন্য ৩৮ হাজার ২৩৯ জন্য ভর্তি আবেদন করেছেন।