গৃহবধূকে ‘ধর্ষণ’ ও হত্যা, যুবক গ্রেপ্তার
পাবনার সাঁথিয়া উপজেলায় দুই সন্তানের জননীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাঁথিয়া থানার ওসি হাসান ইমাম জানান, ওই যুবকের স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত আলেয়া খাতুন ( ৪৩) উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের পাইকরহাটি গ্রামের আরদোশ আলী মল্লিকের স্ত্রী।
গ্রেপ্তার টুটুল মল্লিক (৩৫) একই গ্রামের আতাহার মল্লিকের ছেলে।
আলেয়ার স্বামীর অভিযোগের বরাত দিয়ে সাঁথিয়া থানার ওসি হাসান ইমাম জানান, গত বুধবার দুপুরে পাইকরহাটি গ্রামের ঈদগাহ মাঠের পাশে জ্বালানি কাঠ আনতে যান আলেয়া। দীর্ঘ সময় আলেয়া বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন।
“পরে শুক্রবার (গত ৩ নভেম্বর) আলেয়ার স্বামী সাঁথিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।”
টুটুল মল্লিক
মঙ্গলবার সাঁথিয়া থানায় এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) আশিস বিন হাসান জানান, থানায় জিডি হওয়ার পর পরই অপরাধীকে খোঁজার জন্য পুলিশ তৎপরতা শুরু করে। মোবাইল ফোন ট্র্যাক করে কৌশলে সন্দেহভাজন টুটুল মল্লিককে গ্রেপ্তার করা হয়।
“গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে টুটুল মল্লিক আলেয়াকে নির্জন জায়গায় একা পেয়ে ধর্ষণের কথা স্বীকার করে।
“এছাড়া ধর্ষণের কথা ফাঁস হওয়ার ভয়ে আলেয়ার শাড়ি তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে ধানের জমিতে পানির মধ্যে লাশ লুকিয়ে রাখে।”
টুটুলের স্বীকারোক্তির তথ্য অনুযায়ী তাকে সঙ্গে নিয়ে পাইকরহাটি গ্রামের ঈদগাহ মাঠের পশ্চিমে পানির মধ্যে ধান ক্ষেত থেকে পুলিশ আলেয়ার লাশ উদ্ধার করে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।
