গোপালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে; পুলিশ ধারণা করছে সে ব্লু-হোয়েল গেমে আসক্ত হয়ে আত্মহত্যা করেছে।
নিহত রফিকুল ইসলাম পার্থ (১৫) উপজেলার চাপ্তা গ্রামের আবুল হোসেন তালুকদারের ছেলে। কাশিয়ানীর রাতইল নায়েবুন্নেছা ইনস্টিটিউশন থেকে তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
রামদিয়া পুলিশ ফাঁড়ির এসআই মো. শফিকুল ইসলাম বলেন, সোমবার দুপুর ২টার দিকে বদ্ধ কক্ষের তালা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখা যায়। ফ্যানের সঙ্গে কাপড় দিয়ে গলায় ফাঁস দেওয়া ছিল।
“তার শরীরের বিভিন্ন স্থানে তিমি মাছের ছবি ও এফ ৫৭ আঁকা রয়েছে। তার ডায়েরিতে রক্ত দিয়ে এফ ডব্লিউ লেখাসহ ব্লু-হোয়েল গেম সম্পর্কে অনেক কিছু লেখা রয়েছে। এসব কারণে ধারণা করা হচ্ছে, সে ব্লু-হোয়েল গেমে আসক্ত হয়ে আত্মহত্যা করতে পারে।”
পার্থ এসএসসি নির্বাচনী পরীক্ষায় চার বিয়ষে ফেল করেন জানিয়ে তার ভাই সৌরভ তালুকদার বলেন, “নির্বাচনী পরীক্ষায় ফল খারাপ করায় পার্থ হতাশায় ভুগছিল।”
লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
