গাজীপুরে গার্মেন্টকর্মী ধর্ষণ: তিন আসামির ‘স্বীকারোক্তি’
গাজীপুরের বাইমাইল এলাকায় নৌকায় তুলে এক গার্মেন্টকর্মীকে দলবেঁধে ধর্ষণের মামলায় গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজন দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার আদালতে তারা স্বীকারোক্তিমূলক জাবানবন্দি দেন বলে কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোবারক হোসেন জানান।
এরা হলেন গোপালগঞ্জের মধুপুর এলাকার মনির হোসেন (৩৪), গাজীপুরের ইটাহাটা এলাকার আরব আলী (৩২) ও কুড়িগ্রামের ভুড়িঙ্গামারি থানার বড়তেরছড়া গ্রামের মোফাজ্জল হোসেন (৩০)।
পরিদর্শক মোবারক বলেন, মামলার পর শনিবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে তিনজন গাজীপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে দোষ স্বীকার করে ধর্ষণের ঘটনার বর্ণনা দেয় এবং আদালতে ক্ষমাপ্রার্থনা করে।
“তবে গ্রেপ্তার কাওসার আলী (২০) আদালতে ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার না করলেও ভিক্টিমের দাবি, সেও ধর্ষণ করেছে।”
বৃহস্পতিবার রাতে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে বাড়ি ফেরার পথে বাইমাইল এলাকায় ওই চারজন তাকে জোর করে রিকশা থেকে তাকে নামিয়ে নৌকায় করে বিলের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করলে তাদেরকে শনাক্ত করেন ওই গার্মেন্ট কর্মী।
