২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করল নোবিপ্রবির শিক্ষার্থীরা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2017, 10:27 AM

Updated : 19 Aug 2022, 05:54 PM

সুধারাম থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, “বিশ্ববিদ্যালয়ের পাশে আবদুস সাত্তারের বাড়িতে সোমবার সন্ধ্যায় হামলার এ ঘটনা ঘটে।”

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাসুম মিয়া বলেন, “অতীতের একটি ঘটনায় ভুল বোঝাবুঝির জেরে ছাত্ররা রাতের বেলা একটি বাড়িতে গিয়েছিল। বিষয়টি জানার পর ভিসিসহ সংশ্লিষ্ট সবাই স্থানীয়দের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন।”

ক্ষতিগ্রস্ত আবদুস সাত্তারকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দেবে বলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তবে অতীতের কোন ঘটনায় হামলার এ ঘটনা ঘটে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

শিক্ষার্থীদের অভিযোগ বলছে, শনিবার টাক্টর চালক সাত্তারের ছেলে তুষারসহ কয়েকজন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন। এ ঘটনাকে কেন্দ্র করে তুষারকে মারধর করেন এক শিক্ষার্থী। এর জেরে রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে দুই শিক্ষার্থীকে মারধর করে বহিরাগত একদল যুবক। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা সাত্তারের বাড়িতে হামলার ঘটনা ঘটায়।

ওসি আনোয়ার বলেন, “বিশ্ববিদ্যালয় ছাত্ররা আবদুস সাত্তারের বাড়িতে হামলার ঘটনা ঘটায় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।”