নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
রোববার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভর্তি কমিটির চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম অহিদুজ্জামান এই ফল প্রকাশের ঘোষণা দেন।
এর আগে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও ফলাফল প্রকাশ কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য মো. আবুল হোসেন উপাচার্যের কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী এ বছর চারটি ইউনিটে পরীক্ষার্থীর পাশের হার 'এ' ইউনিটে ৭৫.১০ শতাংশ, 'বি' ইউনিটে ৭৪.৭২ শতাংশ, 'সি' ইউনিটে ৭৯.০০ শতাংশ এবং 'ডি' ইউনিটে ৭৬.৯০ শতাংশ।
চারটি ইউনিটের অধীনে এবার ২৫টি বিভাগে মোট ১২০০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nstu-admission.info) পাওয়া যাবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ভর্তি কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মমিনুল হক, পরীক্ষা পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক শিক্ষক সমিতির সভাপতি মেহেদি মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরীক্ষায় শিক্ষার্থীরা 'এ' ইউনিটে সর্বোচ্চ ৮৮, 'বি' ইউনিটে ৮৭, 'সি' ইউনিটে ৭৪, 'ডি' ইউনিটে বিজ্ঞান শাখায় ৮৫, ব্যবসায় শাখায় ৭৯ এবং মানবিক শাখায় ৬৬ নম্বর পেয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
