ভারতে যাওয়ার পথে সীমান্তে আটক ৫
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন নারীসহ পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
রোববার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে তাদের আটক করা হয় বলে কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথ জানিয়েছেন।
আটকরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার পিরলি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে লাহু শেখ (৩২), মৃত কাশেম শেখের ছেলে সেলিম শেখ (৩৫), সেকেন্দার শিকদারের স্ত্রী আদুরী বেগম (৩৩), কওছার বিশ্বাসের মেয়ে তানিয়া খাতুন (২৬) ও যশোরের নওয়াপাড়ার ইছামতি গ্রামের আশরাফুল শিকদারের স্ত্রী রিপা খাতুন (২৮)।
বিজিবির কাকডাঙ্গা বিওপির ল্যান্স নায়েক সাইফুল ইসলাম জানান, অবৈধভাবে ভারতে যাওয়ার পথে টহলরত বিজিবি সদস্যরা সীমান্ত থেকে পাঁচ জনকে আটক করেছে।
এ সময় দালালরা কৌশলে পালিয়ে যায় বলে জানান তিনি।
কলারোয়া থানার ওসি বিপ্লব বলেন, বিজিবি সদস্য সাইফুল ইসলাম বাদী হয়ে আটকদের নামে পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করেছেন।
