২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

ঢাকার সাভারে বালু ভরতি একটি ট্রাকের ধাক্কায় একটি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন; ওই অটোরিকশার চালক আহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 12:23 PM

Updated : 19 Aug 2022, 05:54 PM

সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির জানান, ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের পাকিজা মিলের সামনে শনিবার দিবাগত গভীর রাতে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। আহত অটোরিকশা চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানান ওসি।

হতাহতদের পরিচয় জানা যায়নি।

ওসি মহসিনুল জানান, ঢাকাগামী একটি বালু বোঝাই ট্রাক মহাসড়কের পাকিজা এলাকায় পৌঁছলে একটি লেগুনাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় এবং ট্রাকটি কাত হয়ে পড়ে যায়।

“এতে অটোরিকশার এক যাত্রী ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। আরেক যাত্রী কাত হয়ে পড়া ট্রাকের বালুর নিচে চাপা পড়ে মারা যান।”

পরে পুলিশ রেকার দিয়ে ট্রাকটি সড়িয়ে বালুর নিচ থেকে লাশটি উদ্ধার করে বলে জানান ওসি।

ওসি আরও জানান, ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।