লক্ষ্মীপুরে ‘চিকিৎসকের অবহেলায়’ নবজাতকের মৃত্যু
লক্ষ্মীপুর শহরের বেসরকারি নিউ মডেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শুক্রবার সন্ধ্যার দিকে এমন খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনসহ এলাকাবাসী হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ করে; চিকিৎসককে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নিহত নবজাতকের খালা তাসমিনা আক্তার ও চাচা ইমাম হোসেন বলেন, আমেনা বেগম লিপিকে শুক্রবার বিকাল ৩টায় এই হাসপাতালে আনার পর তিন ঘণ্টা বসিয়ে রাখা হয়।
পরে চিকিৎসক আশফাকুর রহমান মামুন তাকে তড়িঘড়ি করে অপারেশন থিয়েটারে নিয়ে অস্ত্রোপচার করেন বলে তাদের অভিযোগ।
তাসমিনা বলেন, “অপারেশন থিয়েটারে নেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই অস্ত্রোপচার শেষ করেন এই চিকিৎসক। তারপর তিনি নবজাতকের মৃত্যু হয়েছে বলে জানান।”
ঘটনার পর স্থানীয় প্রভাবশালী একটি মহল হাসপাতালের পক্ষ নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য স্বজনদের ওপর চাপ প্রয়োগ করেন বলেও তাদের অভিযোগ।
চিকিৎসক মামুন অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, “অপারেশনের আগেই শিশুটির মৃত্যু হয়।”
