২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের সেই গর্তে আরও এক লাশ

গাজীপুরের সেই জুয়ার আসরের পাশের গর্ত থেকে আরও একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2017, 09:43 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল হক ভুঁইয়া জানান, সদর উপজেলার বাঘেরবাজার এলাকার ওই গর্ত থেকে বুধবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল কাদের (৬৫) জেলার শ্রীপুর উপজেলার কেন্দুয়া এলাকার আবুল হোসেনের ছেলে।

সোমবার গভীর রাতে জুয়ার আসরে সংঘর্ষ বাধলে হুড়োহুড়ি ও ছুটোছুটির সময় কেউ কেউ ওই গর্তে পড়ে যান।  সেদিন ওই গর্ত থেকে ঢাকার সাভার এলাকার আজিজুর রহমানের (৫৫) লাশ উদ্ধার করা হয়।

আব্দুল কাদেরের বড় ছেলে আক্তার হোসেন বলেন, তার বাবা বরমীবাজার বাসস্ট্যান্ড এলাকায় পান ও ফল বিক্রি করতেন। রোববার রাতে দোকান বন্ধ করে তিনি বাসায় ফেরেননি।

“বাবার বন্ধুদের কাছে জানতে পারি তাদের সঙ্গে বাবা ওই রাতে বাঘেরবাজারের জুয়ার আসরে গিয়েছিলেন। বুধবার জানতে পারি ওই জুয়ার আসরের পাশে নর্দমার গর্ত থেকে একজনের লাশ উদ্ধার হয়েছে। সেখানে গিয়ে বাবার লাশ শনাক্ত করি।”

লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম বলেন, স্থানীয় শফিকুল ইসলাম শফি নামের এক ব্যক্তি অবৈধভাবে বাঘেরবাজার এলাকায় ওই জুয়ারটি বসিয়েছিলেন। এর আগে একবার আসরটি গুঁড়িয়ে দিলে কয়েক দিন বন্ধ ছিল। পরে আবার চালু করা হয়।

“জেলা প্রশাসন আবারও আসরটি উচ্ছেদের উদ্যোগ নেওয়ার আগেই সোমবার গভীর রাতে মারামারি-সংঘর্ষের পর জুয়াড়িরা ছুটোছুটি করতে গিয়ে আসরের পাশে ১৫-২০ ফুট গভীর গর্তে ১৫-১৬ জন পড়ে যান। পরে সেখান থেকে দুই জুয়াড়ির লাশ উদ্ধার করা হয়।”

আসরটি মঙ্গলবার রাতেই পুলিশ আগুন দিয়ে উচ্ছেদ করার পর থেকে সেখানে জুয়া খেলা বন্ধ রয়েছে বলে তিনি জানান।