সিরাজগঞ্জে শিশু সাংবাদিকদের কর্মশালা শুরু
সিরাজগঞ্জে শিশু সাংবাদিকতার ওপর দুদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শিশু সাংবাদিকদের অনলাইন মিডিয়া হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে আয়োজিত এ কর্মশালার প্রথম দিনে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের ৩৮ জন শিক্ষার্থী অংশ নেন।
মঙ্গলবার সকাল ১০টায় সিরাজগঞ্জ পৌরসভার মিলনায়তনে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস এ কর্মশালার উদ্বোধন করেন ।
উদ্বোধনী বক্তব্যে লতিফ বলেন, “প্রতিটি পেশায় প্রশিক্ষণ প্রয়োজন। বিডিনিউজ যে উদ্যোগ নিয়েছে তাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশুদের মধ্য থেকে নতুন নতুন সাংবাদিক তৈরি হবে। তারা আগামীতে এ ধরনের কর্মশালা থেকে পাওয়া শিক্ষা কর্মজীবনে প্রয়োগ করতে পারবে।”
তিনি আরও বলেন, তথ্য প্রযুক্তিতে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেখানে মিডিয়ার কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে শিশু সাংবাদিকতা একটি নতুন ধারণা।
“শিশুদের সংবাদ সংগ্রহ, তৈরি এবং নিজস্ব ওয়েবসাইটে সেটি প্রচারের বিষয়টি নতুন প্রজন্মকে আরও গতিশীল করবে।
এ সময় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান আওয়ামী লীগ নেতা লতিফ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন, পৌর সচিব লুৎফর রহমান, দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল ও জেলা পরিষদ সদস্য ও বেলকুচি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী আব্দুল হামিদ আকন্দ।
পরে শিশু সাংবাদিকতার তথ্য সম্বলিত “সাংবাদিকতার সহজ পাঠ” বইটি কর্মশালায় অংশগ্রহণকারী সকলের কাছে হস্তান্তর করা হয়।
এছাড়া কর্মশালায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-সম্পাদক সৈয়দা মৌ জান্নাত মহুয়া, সিরাজগঞ্জের সাংবাদিক হীরক গুণ, আমিনুল ইসলাম খান রানা ও সুলতানা ইয়াছমিন মিলি অতিথি প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন।
