টাকা ছাড়া পড়ানো হয় যেখানে
দেশে একদিকে যেমন প্রাইভেট কোচিংয়ের নামে ব্যাপক শিক্ষা বাণিজ্য চলছে, তেমনি বিনা খরচে শিক্ষার্থীদের বিশেষ ক্লাস নেওয়ার নজিরও সৃষ্টি করেছেন বগুড়ার একটি বিদ্যালয়ের শিক্ষকরা।
বানিয়াজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পঞ্চম শ্রেণির সমাপণী পরীক্ষার্থীদের জন্য এ উদ্যোগ নেন।
তারা প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তাদের পাঠদান করেন। এজন্য কোনো অর্থ নেন না।
সরেজমিনে জানা যায়, বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বানিয়াজান গ্রামে বিদ্যালয়টির অবস্থান। গ্রামের বেশিরভাগ মানুষ দিনমজুর ও কৃষক।
রাতে বিদ্যালয়টিতে দেখা যায় ছাত্রছাত্রীরা বৈদ্যুতিক বাতির নীচে লেখাপড়া করছে। তাদের পড়াচ্ছেন শিক্ষক আশুতোষ কুমার।
৫ম শ্রেণির ছাত্রী লক্ষ্মীবালা, কুমারী সাবিত্রীবালা, মো. সাকিব হোসেন ও মো. শিমুল হাসানের কথা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে।
লক্ষ্মীবালা জানায়, প্রতিদিন বিকাল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষকরা তাদের ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার জন্য বিশেষ ক্লাস নিচ্ছেন।
তাদের ক্লাসে ৩৩ জন ছাত্রছাত্রী আছে। সবাই প্রতিদিন বিকালে ক্লাস করতে আসে বলে জানায় লক্ষ্মী।
সাবিত্রীবালা বলে, তার বাবা মা লেখাপড়া জানেন না। রাতে বাড়িতে কোনো পাঠ বুঝিয়ে দেওয়ার কেউ নেই। তাই রাতের এ লেখাপড়ার ব্যবস্থা তার জন্য অনেক ভালো হয়েছে।
“প্রাইভেট পড়ানোর সামর্থ্য নেই বাবা-মার। বিনা টাকায় পড়তে পেরে আমাদের ফলাফল ভালো হবে আশা করি।”
ওই বিদ্যালয়ের শিক্ষক আশুতোষ কুমার জানান, প্রতিরাতে অন্য শিক্ষকদের সঙ্গে তিনিও ক্লাস নেন। পরীক্ষায় ভালো ফলাফলের জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, কোচিং ও প্রাইভেটের মতো তারা ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনো টাকা নেন না। গ্রামের অধিকাংশই গরিব। তাদের প্রাইভেটের টাকা দেওয়ার সামর্থ নেই।
“তাই নিজেদের বিবেক থেকেই এটাকে চাকরি মনে না করে, শিক্ষাদান পেশা হিসেবে নিয়েছি। আমি নিজেও একজন গরিবের সন্তান।”
শিক্ষিকা বিউটি রাণী বলেন, “ভালো ফলাফল এবং এসব শিশু শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার জন্যই আমাদের চাকরি দেওয়া হয়েছে। আমরা আমাদের এ গরিব শিশুদের ভবিষ্যৎ বিনির্মাণ করতে চাই। এর জন্য রাতের এ বাড়তি সময় দিয়ে যাচ্ছি। নিজেরও অনেক ভালো লাগে। প্রতিটি বিদ্যালয়ই এরকম বাড়তি কিছু আমরা করি না কেন?”
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান কবির জানান, বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রী ৩৩২ জন; শিক্ষক সাত জন। ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষা দেবে ৩৩ জন।
“আমরা সব শিক্ষক-শিক্ষিকা মিলে ছাত্রছাত্রীদের বাড়তি লেখাপড়া করাচ্ছি। ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের প্রতিবারের মতো এবারও বিকাল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনা টাকায় পাঠদান করছি।”
প্রধান শিক্ষক আরও জানান, বিদ্যালয়ের বেশিরবাগ শিক্ষার্থীর মা-বাবা নিরক্ষর। তাই স্কুল থেকে বাড়ি যাওয়ার পর তাদের লেখাপড়ায় সহযোগিতা করার কেউ নেই।
