পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ: দুপক্ষের কর্মসূচি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও কর্মচারীদের সংঘর্ষের পর অচলাবস্থার মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে দুপক্ষ।
শনিবার কর্মচারী কর্তৃক এক শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় শিক্ষার্থীদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষ বাধে। ওই ঘটনায় ক্যাম্পাসে ব্যাপক ভাংচুর চালানো হয়।
সংঘর্ষের পর কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি দিলেও সোমবার থেকে সাত দিনের আল্টিমেটাম দিয়ে তারা কাজে যোগ দেওয়ার ঘোষণ দিয়েছেন।
শিক্ষক সমিতি সোমবার সাত দিনে কর্মসূচি ঘোষণা করেছে। পাশাপাশি শিক্ষার্থীদের একাংশের ক্লাশ বর্জন অব্যাহত রয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি শামসাদ ফখরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা বিশ্ববিদ্যালয়ে ভাংচুর করেছে প্রশাসনের নিকট তাদের বিচার দাবি করেছি। পাশাপাশি আমাদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগদান করেছি।”
এর পাশাপাশি তারা বিশ্ববিদ্যালয় প্রাসনের কাছে কিছু দাবি দিয়েছেন বলে জানান।
এছাড়া যে শিক্ষককে নিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কাজ থেকে অব্যাহতি দেওয়ারও দাবি জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ৭ কর্মদিবসের মধ্যে এসব দাবি আদায় না হলে পুনরায় কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে, শিক্ষার্থীদের ডাকা ধর্মঘট অব্যাহত রয়েছে। তাদের মধ্যে ১০ জনের মতো শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করছেন। তাদের বেশিরভাগই বাংলা বিভাগের।
তাদের মধ্যে লিংকন হোসেন ও তারেক মামুন জানান, বাংলা বিভাগের সাবেক সভাপতি এবং কলা ও সামাজিক অনুষদের ডিন এম আবদুল আলীমের উপর হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে।
এদিকে, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি দুপুরে সাধারণ সভা করে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছ।
কর্মসূচির মধ্যে রয়েছে- এই ঘটনার নিন্দা জ্ঞাপন, মঙ্গল ও বুধবার কালো ব্যাচ ধারণ, শিক্ষকের উপর হামলার বিচার দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান, আগামী ৪ ও ৫ নভেম্বর সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কিসলু নোমান বলেন, “শিক্ষকের উপর হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি আমরা কর্মসূচি দিয়েছি।”
আগামী সাত কর্মদিবসের মধ্যে এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে শিক্ষক সমিতি পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান।
মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষাসহ সব কার্যক্রম স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে বলেও আশা করছেন তিনি।
“কতিপয় শিক্ষার্থী এই ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন, এটি ঠিক হয়ে যাবে,” বলেন তিনি।
গত শুক্রবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় এক কর্মচারীর সঙ্গে বাংলা বিভাগের সাবেক সভাপতি এম আবদুল আলীমের কথা কাটকাটির জেরে তাকে লাঞ্ছিত করেন ওই কর্মচারী।
এর প্রতিবাদে শনিবার ক্যাম্পাসে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ভাংচুর ও হতাহতের ঘটনা ঘটে।
