অবৈধ পথে সীমান্ত পারাপারের সময় বেনাপোলে ১২ জন আটক
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে নারী ও শিশুসহ ১২জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
সোমবার সকালে যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে বিজিবির রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার মামুনুর রশিদ জানিয়েছেন।
আটকদের মধ্যে ছয় জন নারী, চার জন পুরুষ ও দুই শিশু রয়েছে; তাদের বাড়ি নড়াইল, বরিশাল, পিরোজপুর ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মামুন বলেন, পাচারকারীরা অবৈধ পথে ভারত থেকে সীমান্ত পার করে একদল নারী-পুরুষকে বাংলাদেশে আনছে এমন খবর পেয়ে বিজিবির টহলদল অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা তাদের ফেলে রেখে পালিয়ে যায় বলে জানান তিনি।
বিজিবির এ কর্মকর্তা বলেন, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
