২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ঘুষের টাকাসহ ২ সরকারি কর্মচারী আটক

ঘুষের টাকাসহ হাতেনাতে আটকের পর ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের দুই কর্মচারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2017, 12:05 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিয়ার রহমান খান জানান, রোববার সন্ধ্যায় তাদের এ সাজা দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন - জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখার সার্ভেয়ার মো. খলিলুর রহমান ও আতিকুর রহমান।

ম্যাজিস্ট্রেট মতিয়ার বলেন, সালথা উপজেলার সালথা-ফরিদপুর সড়কের বর্ধিত অংশের অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার নাম করে দুই সহোদর ইউনুস মোল্লা ও ইব্রাহিম মোল্লার কাছ থেকে ঘুষ দাবি করেন ওই দুই কর্মচারী।

“গোপন খবরের ভিত্তিতে শহরের ঝিলটুলী এলাকার পানির ট্যাংকের মোড়ে ঘুষের টাকা নেওয়ার সময় তাদের হাতেনাতে ধরে ফেলা হয়। এ সময় তিন লাখ টাকাও জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়।”

তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।