২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসেন ইমনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2017, 01:45 AM

Updated : 19 Aug 2022, 05:51 PM

শনিবার গভীর রাতে শহরের বেজপাড়ার গুড়গোল্লার মোড়ে তাকে গুলি করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

কোতয়ালি থানার উপ-পরিদর্শক হাসানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি গুলির খোসা উদ্ধার করেছেন তিনি। কারা কী কারণে ইমনকে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইমন বেজপাড়ার গুড়গোল্লার মোড়ের আজিমাবাদ কলোনি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।

আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ছেলে রাতে গুড়গোল্লার মোড়ে ‘সালাম ফার্নিচারের’ সামনে বসে বন্ধুদের লুডু খেলা দেখছিলেন।

“রাত ১১টার পরপর দুই থেকে তিনজন যুবক এসে তার বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে।”

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল জানান, ইমন তার কমিটির সহ-সভাপতি ছিলেন।