পুলিশ-জনতার দূরত্ব কমাতে কমিউনিটি পুলিশিং: বাণিজ্যমন্ত্রী
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ভোলায় এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমাতে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জেলা শিল্পকলা একাডেমির হলরুমে শনিবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব কমিয়ে আনার জন্য কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
“আগামী দিনগুলোয় এ ব্যবস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটাতেও ভূমিকা রাখবে।”
আলোচনা সভার আগে দিনটি উপলক্ষে শহরে বের হওয়া এক শোভাযাত্রায় নেতৃত্ব দেন মন্ত্রী। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ্রগ্রহণ করেন।
আলোচনা সভায় অংশ নিয়ে মন্ত্রী নির্বাচন প্রসঙ্গে বলেন, “আগামী সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনে হবে। এ সরকার অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করে নির্বাচন কমিশনকে সাহায্য করবে। নির্বাচনী আইন হবে অত্যন্ত যুগোপযোগী।”
রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, “প্রধানমন্ত্রী রোহিঙ্গা জনগোষ্ঠীকে যেভাবে বুকে টেনে নিয়ে আশ্রয় দিয়েছেন, এতে বিশ্ব আজ মুগ্ধ। সবাই তার প্রশংসা করছে।”
ভোলার উন্নয় প্রসঙ্গে তিনি বলেন, “ভোলায় এখন ১ পয়েন্ট ২ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে। আরও একটি গ্যাসকূপ খননের কাজ শুরু হবে।
“আশা করা হচ্ছে এখান থেকে আরও ৭০০ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। এতে করে জেলায় গ্যাসের মজুদ হবে ২ ট্রিলিয়ন। ফলে ভোলায় অনেক শিল্প-কল-কারখানা স্থাপন করা যাবে।”
মন্ত্রী বলেন, “গ্রামের মানুষ এখন অনেক ভালো আছে। তাদের জীবনমান আগের চেয়ে উন্নত হয়েছে। ভোলায় নদীভাঙ্গন বন্ধে ব্যাপক কাজ হওয়ায় আগের মতো আর নদী ভাঙ্গে না।
“ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণের জন্য ৪০ কোটি টাকা ব্যয়ে সম্ভাব্যতা যাছাইয়ের কাজ চলছে। সেতুটি হলে ভোলা আর বিচ্ছিন্ন জেলা থাকবে না।”
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পৌরমেয়র মনিরুজ্জামান, কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার মোসায়েদ উপস্থিত ছিলেন।
