২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মারধরের পাল্টাপাল্টি অভিযোগ

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজন ও শিক্ষানবিস চিকিৎসকদের মারধরের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে।

জয়পুরহাট প্রতিনিধি

বগুড়া ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2017, 09:07 PM

Updated : 19 Aug 2022, 05:51 PM

সরেজমিনে জানা যায়, গত ২৪ অক্টোবর জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল গ্রামের প্রয়াত বজলুর রশিদের স্ত্রী মাহেলা বেওয়াকে (৭৫) জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগের মহিলা ওয়ার্ডে ভর্তি করা হয়।

এই রোগীর ছেলে গাজীউর রহমান ও নাতি রুম্মান হোসেন শান্তর দাবি, বৃহস্পতিবার রাতে শিক্ষানবিস চিকিৎসকরা তাদের মারধর করেছেন।

তবে শিক্ষানবিস চিকিৎসকরা কেউ কথা না বললেও হাসপাতালের উপ-পরিচালক নির্মলেন্দু চৌধুরী বলছেন, “রোগীর স্বজনরা শিক্ষানবিস চিকিৎসকদের সঙ্গে অশালীন আচরণ করেছেন এবং তাদের মারধর করেছেন।”

এতে তিন শিক্ষানবিস চিকিৎসক আহত হয়েছেন দাবি করলেও কারো নাম জানাতে পারেননি তিনি।

রুম্মান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার রাতে আমার দাদির শরীরে রক্ত দেওয়া হচ্ছিল। রক্ত দেওয়া শেষ হলেও লাইন খুলে দেওয়া হয়নি। বিষয়টি এক নারী ডাক্তারকে বলতে গিয়ে আপু বলে সম্বোধন করেছিলাম।

“এ কারণে তিনি ও অপর এক চিকিৎসক আমার শার্টের কলার ধরে মারধর করেন। একটু পরই একদল ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থী ছুটে এসে আমাকে ও আমার বাবাকে মারধর করেন।”

তিনি অভিযোগ করেন, শুক্রবার জোর করে দাদি মাহেলা বেওয়াসহ তাদের জয়পুরহাট সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। জয়পুরহাটে নেওয়ার পথে তার দাদির মৃত্যু হয়।

এ নিয়ে উপ-পরিচালক নির্মলেন্দু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোগীর দুই স্বজন নারী চিকিৎসককে অশালীন ভাষায় কথা বলায় বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের হামলায় তিন ইন্টার্ন চিকিৎসক আহত হন।

“রোগীর অবস্থা আশাংকজনক হওয়ায় স্বজনরা স্বেচ্ছায় রিলিজ নিয়েছেন।”

জোর করে ছাড়পত্র দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।