২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটা রাজনৈতিক ভাষা নয়, রাস্তার ভাষা: কাদের

খালেদা জিয়া আদালতে গিয়ে শেখ হাসিনা সম্পর্কে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2017, 06:48 PM

Updated : 11 Oct 2022, 02:41 PM

পুরনো খবর:

আত্মপক্ষ সমর্থনে খালেদার চোখে জল

শুক্রবার নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

বৃহস্পতিবার জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার একটি আদালতে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিতে খালেদা জিয়া বলেছিলেন, তার বিরুদ্ধে এ মামলা ‘ভুয়া, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।

“শেখ হাসিনার বিরুদ্ধেও অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির মামলা হয়েছিল। কিন্তু তার সৌভাগ্য যে আমার মতো তার আদালতে ঘুরতে হচ্ছে না।”

সেতুমন্ত্রী বলেন, “খালেদা জিয়া আদালতে গিয়ে রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে যে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে নিলজ্জ মিথ্যাচার করছেন। এটা তথাকথিত সহানুভূতির জন্য।

“এটা রাজনৈতিক ভাষা নয়, এটা রাস্তার ভাষা। সাবেক প্রধানমন্ত্রী তিনি, তার কাছে রাস্তার ভাষা আমরা আশা করি না।”

রোহিঙ্গাদের দেখতে সড়ক পথে কক্সবাজার যাওয়া কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “এখন যদি তার উদ্দেশ্য ত্রাণ দেওয়া, তাহলে তিনি ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম- কক্সবাজার রাস্তা বন্ধ করে দিয়ে ত্রাণ সরবরাহের পথইতো বদ্ধ করে দিচ্ছেন।”

রাস্তায় সভা করে ‘রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলা’ সৃষ্টি করবেন না বলে মন্তব্য করেন তিনি।

বিকালে সেখানে নারী সমাবেশে যোগ দেন ওবায়দুল কাদের।

সমাবেশে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ আহমেদ জাবেদ, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ।