ঠাকুরগাঁওয়ে যুবকের লাশ উদ্ধার, স্ত্রীর দাবি হত্যা
ঠাকুরগাঁও সদর উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ; যাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে বলে তার স্ত্রী দাবি করেছেন।
ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন জানান, শুক্রবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ এলাকার একটি ধানক্ষেতের নালা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো. মানিকুল আজাদ মানিক (৩৫) শিবগঞ্জের মহেশপুর এলাকার দলিলুর রহমান ছেলে।
মানিকের স্ত্রী মাসুদা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের একখণ্ড জমি নিয়ে প্রতিবেশী সাব্বির কাইছার ও তার পরিবারের সঙ্গে তাদের বিরোধ চলছিল।
“জমির বিষয় নিয়ে আমার স্বামী বাদী হয়ে গত ৭ অগাস্ট সাব্বিরসহ তাঁর পরিবারের চার জনকে আসামি করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করে।”
এরপর থেকে সাব্বিরের পরিবারের লোকজন তাদের হত্যার হুমকি দিয়ে আসছিল বলে জানান তিনি।
মাসুদা বলেন, শুক্রবার ভোরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি বাড়ি থেকে আমার স্বামীকে ডেকে নিয়ে যায়। এরপর সকালে ধানক্ষেতে আমার স্বামীর লাশ পাওয়া পাওয়া যায়। ”
সাব্বিরের পরিবারের লোকজনই মানিককে হত্যা করেছে বলে দাবি করেন তিনি।
এসআই বেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ধানক্ষেতের ড্রেন থেকে গলায় প্লাস্টিকের দড়ি পেঁচানো অবস্থায় মানিকের লাশ উদ্ধার করা হয়।
গলায় দড়ি পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন বলে এ পুলিশ কর্মকর্তা জানন।
তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে; প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
