২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনা মূল্যের ‘৫০ হাজার’ বইসহ আটক ৩

ফরিদপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে বিতরণের ‘আনুমানিক ৫০ হাজার’ সরকারি বই উদ্ধার করেছে র‌্যাব।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2017, 01:06 PM

Updated : 19 Aug 2022, 05:51 PM

ফরিদপুরে অভিযান চালিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে বিনা মূল্যে বিতরণের ‘আনুমানিক ৫০ হাজার’ বইসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব ৮-এর ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক রইস উদ্দিন জানান, জেলা শহরের মোল্লাবাড়ী সড়কে ভাণ্ডারি পেপার হাউসের গুদামে বৃহস্পতিবার গভীর রাতে এ আভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন – জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারী শাহিন হাওলাদার (৪৫), গুদামের মালিক আরমান শেখ (৩১) ও ক্রেতা মো. একেন খাঁ (৫২)।

র‌্যাব কর্মকর্তা রইস বলেন, “গোপনে খবর পেয়ে ওই গুদামে অভিযান চালানো হয়। সেখানে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনা মূল্যে বিতরণের সরকারি বই পাওয়া গেছে। এর সংখ্যা আনুমানিক ৫০ হাজার। এ সময় আরমান, একেন ও শাহিনকে আটক করা হয়।

“পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার শীল আরমান ও একেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।”

আর শাহিন সরকারি কর্মচারী হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করতে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন বলে জানান র‌্যাব কর্মকর্তা রইস।