২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী মেডিকেলের ১২ ছাত্রকে বহিষ্কার

নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় ১২ ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও অর্থদণ্ড করেছে কর্তৃপক্ষ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 09:21 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

এছাড়া ক্যাম্পাসে সক্রিয় ‘সন্ধানী’ ও ‘মেডিসিন ক্লাব’ নামে দুটি সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

কলেজেরে উপাধ্যক্ষ বাপ্পা গৌতম জানান, কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দুই বছরের জন্য বহিষ্কার হয়েছেন মো. ফরহাদুল ইসলাম (ষষ্ঠ ব্যাচ), কৌশিক হোসেন (৭ম ব্যাচ), হোসাইন মো. আশরাফ (৮ম ব্যাচ) ও সাইফুল ইসলাম জুয়েল (৮ম ব্যাচ)। ছয় মাসের জন্য বহিষ্কার ও দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে জাবেদ আহমেদ ওরফে মুন্না (ষষ্ঠ ব্যাচ), সাব্বির হোসেন (ষষ্ঠ ব্যাচ) ও মো. কাওসারের (৮ম ব্যাচ)। ছয় মাসের জন্য বহিষ্কার হন মো. রায়হান (৮ম ব্যাচ), আসিফ আরাফাত (৭ম ব্যাচ), আল শাহরিয়ার ওরফে হৃদয় (৮ম ব্যাচ), হামীম পাটোয়ারী (ষষ্ঠ ব্যাচ) ও সিদ্ধার্থ শংকর দাস (ষষ্ঠ ব্যাচ)।

বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়া এক নোটিশে বহিষ্কৃতদের ২৪ ঘণ্টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে।

বাপ্পা গৌতম জানান, গত সোমবার ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা তদন্তে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“সংঘর্ষে জড়িতদের মধ্যে চার জনকে বেশি দোষী হিসেবে দুই বছরের জন্য বহিষ্কার, তিন জনকে অপেক্ষাকৃত কম দোষী হিসেবে ছয় মাসের জন্য বহিষ্কার ও প্রত্যককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং পাঁচ জনকে কম দোষী হিসেবে জরিমানা ছাড়া ছয় মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত হয়।”

কলেজে নতুন শিক্ষাবর্ষে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের ‘সন্ধানী’ ও ‘মেডিসিন ক্লাবে’ ভেড়ানো নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেনসহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন।

এদিকে, ওই ঘটনার পর ক্যাম্পাসে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বুধবার কলেজের আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদেরকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

পুরনো খবর:

নোয়াখালী মেডিকেলের ছাত্রাবাস বন্ধ ঘোষণা