হত্যা মামলায় গ্রেপ্তার আ. লীগ নেতা
লক্ষ্মীপুরের রামগঞ্জের একটি হত্যা মামলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রামগঞ্জ থানার এসআই মো. ইউসূফ জানান, বৃহস্পতিবার রামগঞ্জ উপজেলা শহরের জনতা ব্যাংক সড়ক থেকে ঈমন হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়।
ঈমন উপজেলার ৭ নম্বর দরবেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
রামগঞ্জ থানা পুলিশ জানায়, গত সোমবার গভীর রাতে দরবেশপুর ইউনিয়নের পূর্ব দরবেশপুর ছৈয়াল বাড়ীর মৃত মনির হোসেনের ছেলে জহিরুল ইসলামকে গরু চুরির অভিযোগে এলাকাবাসী মারধর করে। এক পর্যায়ে তিনি কচুরিপানা ভরতি একটি বিলে লাফিয়ে পড়ে নিখোঁজ হন।
বুধবার ওই বিলে তার লাশ পাওয়া যায়।
ওই রাতেই তার ভাই মো. হারুন অর রশিদ বাদী হয়ে ছয় জনকে আসামি করে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ইউসূফ জানান, জহিরুল ইসলামের বড় ভাই হারুন-অর-রশিদের মামলার আসামি ঈমনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
