২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির রঙিন বেলুন চুপসে গেছে: ওবায়দুল কাদের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সংলাপকে ‘আইওয়াশ’ বলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 08:08 PM

Updated : 25 Jul 2022, 09:06 PM

বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, “বিএনপি যখন নির্বাচন কমিশনের সাথে সংলাপ করে খুশি খুশি ভাব নিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে বাইরে এসে সাংবাদিকদের কাছে আশাবাদ ব্যক্ত করেছে, তখন আমি বলেছিলাম, বিএনপির এই খুশি খুশি ভাব, এই খুশির স্রোত, এই স্রোতে কখন যে ভাটা নাববে সেটা অচিরেই জানা যাবে।”

“দশ দিন যেতে না যেতেই বিএনপি এখন হতাশায় ডুবে যাচ্ছে। তাদের সেই আশাবাদ ১০ দিনের মধ্যেই কর্পুরের মতো উবে গেছে। এটা হলো বিএনপি। সেই রঙ্গিন বেলুন, বেলুটা এখন চুপসে গেছে।

“এখন বলছেন, নির্বাচন কমিশনের সংলাপ লোক দেখানো।”

বুধবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির এক  সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে সদ্য শেষ হওয়া সংলাপকে ‘আইওয়াশ’ বলে উল্লেখ করেছেন।

বিএনপির কোনো কিছুরই নিশ্চয়তা নেই মন্তব্য বরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “তারা কখন যে কী বলে সেটার মানে তারা নিজেরাও বোঝে কিনা আমার সন্দেহ।” 

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে বিএনপি নেতাদেরকে উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, এতদিন চলে গেল, সেই ২৫ অগাস্ট থেকে রোহিঙ্গা সংকট। মাঝে মাঝে লোক দেখানো ফটোসেশন করতে আপনারা দুই চারজন গিয়েছেন। কিন্তু আপনাদের দলগতভাবে আন্তরিকতার কোনো প্রকাশ রোহিঙ্গাদের জন্য কেউ অনুভব করেনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে কাদের বলেন, “এখন লন্ডন থেকে এসে রোহিঙ্গাদের কথা ওনার মনে পড়েছে। বিলম্বে হলেও ভালো। বেটার লেট দেন নেভার।”

খালেদা জিয়ার কক্সবাজার যাওয়া এবং আবার ঢাকায় ফেরার কথা রয়েছে সড়কপথে। এ সময় সড়কে সভা সমাবেশ না করতে অনুরোধ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।

দুপুরে কোম্পানীগঞ্জের কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষা মন্ত্রণালয়ের সেকায়েপ প্রকল্পের পুরস্কার বিতরণ ও  উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেতুমন্ত্রী।

এ সময় জেলা প্রশাসক মো. মাহবুবুল আলম তালুকদার, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

নির্বাচন কমিশনের সংলাপ ‘আইওয়াশ’: ফখরুল
বিএনপির ‘খুশির জোয়ারে’ ভাটা অচিরেই: কাদের