নির্বাচন কমিশনের সংলাপ ‘আইওয়াশ’: ফখরুল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে সদ্য শেষ হওয়া সংলাপকে ‘আইওয়াশ’ হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে এক প্রতিবাদ সভায় তিনি বলেন, “নির্বাচন কমিশনের সংলাপ একটা লোক দেখানো আইওয়াশ।
“এই আলোচনার ফল কী দাঁড়িয়েছে? প্রায় সব রাজনৈতিক দল বলেছে, নির্বাচনের সময় একটা নিরপেক্ষ সরকার চাই, সুশীল সমাজ বলেছে- আমরা একটা নিরপেক্ষ সরকার চাই, ইলেকশন কমিশনের সাবেক যাদের ডেকেছিল তারা বলেছে- নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন করা সম্ভব নয়।”
ফখরুল বলেন, “এখন গোটা জাতি তাকিয়ে আছে, নির্বাচন কমিশন কী করবে? এই নির্বাচন কমিশন কিছুই করতে পারবে না। কারণ তারা যাদের দ্বারা তৈরি হয়েছে তাদেরকে পাশ কাটিয়ে বা তাদের ইচ্ছার বাইরে কাজ করার সেই মনোবল বা শক্তি আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে।”
রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি দক্ষিণের উদ্যোগে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে এই সভা হয়।
গত ৩১ জুলাই নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে ইসির সংলাপ শুরু হয়। এরপর ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে ইসি। ২৪ আগস্ট থেকে ১৯ অক্টোবর ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষে ২২ ও ২৩ অক্টোবর নির্বাচন পর্যবেক্ষক ও নারী নেত্রীদের সঙ্গে মতবিনিময় হয়।
সবশেষ মঙ্গলবার সাবেক সিইসি, ইসি ও সাবেক সচিবদের সঙ্গে বসে তাদের ভাবনা শোনে কে এম নুরুল হুদার কমিশন।
গত ১৫ অক্টোবর ফখরুলের নেতৃত্বে বিএনপির ১৬ সদস্যের প্রতিনিধিদল ইসির সঙ্গে মতবিনিময় করে।
তার দলের সংলাপের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, “আমরা বলেছি, আমরা একটা সহায়ক সরকার চাই, সেনা মোতায়েন চাই- এটা আমাদের কথা নয়, এটা জনগণের কথা। তাহলে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে।
“উনারা প্রথমে বললেন, এটা আমাদের এখতিয়ারের বাইরে। আপনাদের এখতিয়ারের বাইরে হলে আপনারা ডাকলেন কেন? জনগণের কথা শুনতে চান কেন? তাহলে সরকার যা নির্দেশ করে সেই নির্দেশ অনুযায়ী নির্বাচন ঘোষণা দিয়ে দেন।”
নির্বাচন থেকে বিরোধী নেতাদের দূরে রাখতেই সরকার মিথ্যা মামলায় সাজা দেওয়ার কৌশল নিয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “আজকে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, শীর্ষ নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা কেন? কারণ তাদের অন্য কিছু করার উপায় নেই, এই মামলা দিয়ে তাদেরকে দূরে সরিয়ে রাখতে চায়। আমি বলতে চাই, তাদেরকে আপনারা) কোনো কিছু দিয়ে দমাতে পারবেন না। তারা ইতিহাসের অংশ, তারা বাংলাদেশের মানুষের বুকের মধ্যে আছে।”
বিএনপি দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইন, যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মোরতাজুল করীম বাদরু, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান বক্তব্য রাখেন।
