২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীকে উত্ত্যক্ত করায় শিক্ষক কারাগারে

মোবাইল ফোনে কলেজছাত্রীকে ‘অশ্লীল’ বার্তা পাঠিয়ে উত্ত্যক্ত করার অভিযোগে রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 06:40 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

কোতোয়ালি থানার ওসি বাবুল মিঞা জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় ৫৭ বছর বয়সী শিক্ষক আব্দুল হাদীকে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, কলেজের ইলেকট্রিক শাখার প্রশিক্ষক আব্দুল হাদী প্রায়ই ওই ছাত্রীকে মোবাইল ফোনে মিসকল দিতেন।

ছাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষক আব্দুল হাদী আমার মোবাইল ফোনে মিসকল দেওয়ার পাশাপাশি একাধিকবার অশ্লীল ও কুরুচিপূর্ণ ক্ষুদেবার্তা পাঠান। বার্তাগুলো এতটাই অশ্লীল যে মুখে বলার মতো নয়।

“এছাড়া তিনি ক্যাম্পাসে আমাকে দেখলেই অশ্লীল কথা বলতেন। বিষয়টি জ্যেষ্ঠ প্রশিক্ষক আব্দুস সালামকে জানালে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।”  

পরে গত ১৮ অক্টোবর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেন বলে জানান।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই খন্দকার মহিব্বুল ইসলাম বলেন, “বাদীর মোবাইল ফোনে পাঠানো অশ্লীল ও কুরুচিপূর্ণ ক্ষুদেবার্তাগুলো শিক্ষক আব্দুল হাদীই তার মোবাইল ফোন থেকে পাঠাতেন বলে তদন্তে প্রমাণিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।

“গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে শিক্ষক হাদী তা স্বীকারও করেছেন।”

এ বিষয়ে কলেজটির অধ্যক্ষ অরবিন্দ কুমার বর্দ্ধন বলেন, “প্রকৃত ঘটনা কী তা জানি না। কলেজ চলাকালে পুলিশ হাদীকে গ্রেপ্তার করতে আসে। আমি তাকে আমার কক্ষে ডেকে আনলে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

“পুলিশের মুখে যা জেনেছি তাতে মনে হয়েছে, হাদী যে কাজ করেছেন তা দুঃখজনক ও নিন্দনীয়।”