ফেনী কারাগারে কয়েদির মৃত্যু
ফেনী কারাগারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।
জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয় বলে কারাগারের জেলার শঙ্কর মজুমদার জানান।
মৃত নুরুল ইসলাম ওরফে তাপস সরকার (৩৯) সদর উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের নারায়ণ দাসের ছেলে।
শঙ্কর বলেন, তাপস একটি মাদক মামলায় ১৫ মাসের সাজাপ্রাপ্ত ও অপর একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে গত বছরের ২০ সেপ্টেম্বর থেকে ফেনী কারাগারে বন্দি ছিলেন।
“বুধবার রাতে ‘হৃদরোগে’ আক্রান্ত হয়ে কারাগারের ভেতরেই জ্ঞান হারিয়ে ফেলেন তাপস। প্রথমে কারা কর্তৃপক্ষ তাকে কারাগারের হাসপাতালে ভর্তি করে।
“পরে ফেনী জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে ফেনী জেলা কারাগারের জেল সুপার মো. রফিকুল কাদের জানান ।
