২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষক চাকরিচ্যুত

ছুটি শেষে কাজে না ফেরায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2017, 07:09 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুই শিক্ষক হলেন- মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ আলম ও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বনাথ দাস।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিএইচডি করতে শিক্ষক মো. মাসুদ আলম ২০১২ সালের অক্টোবরে শিক্ষাছুটিতে জাপান ও বিশ্বনাথ দাস ২০১০ সালের সেপ্টেম্বরে কোরিয়া যান।

“তারা পিএইচডি সম্পন্ন করে নিয়মানুযায়ী স্ব স্ব বিভাগে যোগদান করার কথা। কিন্তু যোগদান না করে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুনরায় দেশত্যাগ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারণ দর্শানোর নোটিশেরও কোনো জবাব দেননি তারা।”

এর প্রেক্ষিতে গত ৩০ অগাস্ট এবং ২১ অক্টোবর রিজেন্ট বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

জনসংযোগ কর্মকর্তা ইফতেখার বলেন, দুই শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি লংঘনের অভিযোগে চাকরি হতে স্থায়ীভাবে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয়ের সকল দেনা-পরিশোধের জন্য তাদের প্রতি নির্দেশও দিয়েছে।