ফরিদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
পুলিশের উপর হামলার একটি মামলায় ফরিদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নাজিমউদ্দিন জানান, শহরের কমলাপুরের বাসা থেকে মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তাবরিজ বেনজির সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি।
ওসি বলেন , মঙ্গলবার সকাল ১০টার সময় শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদের দলটির এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে।
“এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই অসীম মণ্ডল বাদী হয়ে বেনজিরসহ ৪০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।”
ওই মামলার অন্যতম আসামি বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে জানান তিনি।
অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন বলেন, “কর্মসূচি চলাকালে পুলিশ বাধা দিলে কর্মসূচি সংক্ষিপ্ত করে নেতাকর্মীরা চলে যান। এখানে হামলার প্রশ্নই আসে না।”
