২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির মশিউরের ১০ বছর সাজা

দুর্নীতি দমন কমিশন দুদকের এক মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা মশিউর রহমানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2017, 02:22 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

এছাড়া আদালত তার জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৫ লাখ ৬৯ হাজার ৩৩০ টাকার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার রায় দিয়েছে।

ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ নিতাই চন্দ্র সাহা বুধবার নয় ব্ছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

কারাদণ্ড ছাড়াও আদালত তাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও নয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এ রায় ঘোষণার পর ঝিনাইদহ জেলা বিএনপি বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বেলা বেলা ১২টা পর্যন্ত জেলাব্যাপী হরতাল ডেকেছে।

মশিউর ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি। এর আগে তিনি দলের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।

রায় ঘোষণার পর ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেক যশোর প্রেসক্লাবে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বলেন, “এ মামলা মিথ্যা। এ রায় অবৈধ। এর প্রতিবাদে অমরা বৃহস্পতিবার জেলাব্যাপী আধাবেলা হরতাল আহ্বান করছি।”

দুদকের স্পেশাল পিপি সিরাজুল ইসলাম জানান, মশিউরের বিরুদ্ধে ২০০৮ সালের ১৪ ডিসেম্বর ঝিনাইদহ সদর থানায় মামলা করেন দুদকের সমন্বিত কুষ্টিয়া জেলা অফিসের তৎকালীন সহকারী পরিচালক মোশারফ হোসেন মৃধা।

“তার বিরুদ্ধে পাঁচ কোটি সাত লাখ ৯৮ হাজার ৯৮৩ টাকার সম্পদের হিসাব গোপন করাসহ আরও পাঁচ কোটি ৯৮ লাখ ২০ হাজার ৭৩৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।”

তদন্ত শেষে ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা দুদকের সমন্বিত যশোর জেলা অফিসের তৎকালীন উপ-পরিচালক নাসির উদ্দিন। পরে বিচারের জন্য যশোরের স্পেশাল ট্রাইব্যুনালে পাঠানো হয়।

আদালত ১৪ জনের মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় দেয় জানিয়ে পিপি সিরাজুল বলেন, রাষ্ট্রপক্ষ মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু আসামিপক্ষের নানা অপতৎপরতার কারণে মামলাটির বিচারকাজ দীর্ঘায়িত হয়েছে।

দুদক সমন্বিত যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহিদুর রহমান ন্যায়বিচার পেয়েছেন জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।